নকআউটে কোনো কিছুই ফ্রি-তে পাওয়া যায় না, বললেন মেসি

প্রকাশ:

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এই জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি স্পষ্ট করেছেন যে, নকআউট পর্বে কোনো কিছুই বিনা পরিশ্রমে পাওয়া যায় না।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মেসি বলেন, এই জাতীয় দল সবসময় শেষ পর্যন্ত লড়াই করে এসেছে। সেট পিস থেকে গোল পাওয়াটা আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ছিল, যা আগে সম্ভব হয়নি। আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রেই দল দীর্ঘ সময় ধরে কাজ করছে। তবে তিনি স্বীকার করেন, ম্যাচে দলের সমন্বয়ে ঘাটতি ছিল এবং কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা ভালো প্রেসিং করতে পারেনি।

মেসি আরও বলেন, ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার-ব্যাকের দিকে ঝাঁপ দেওয়ার সময় লাইনগুলো অনেক দূরে ছিল, যা সেন্টার-ব্যাকদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। তিনি জানান, সমন্বয়হীনতার কারণে প্রতিপক্ষ সবসময় একজন বেশি খেলোয়াড় নিয়ে সুবিধা পাচ্ছিল। প্রতিপক্ষের কাছে বল না থাকলেও আর্জেন্টিনার খেলোয়াড়দের দৌড়াতে হয়েছে, কারণ তারা সঠিকভাবে প্রেস করতে ব্যর্থ হয়েছিল।

কেপ ভার্দের লড়াইয়ের প্রশংসা করে মেসি বলেন, তারা এমনিতেই স্পেন বা উরুগুয়ের মতো দলের বিপক্ষে হারেনি। প্রথম গোল পাওয়ার পর আর্জেন্টিনা নিজেদের খেলা খুঁজে পাবে বলে ভেবেছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। তিনি বলেন, আমরা বল হারিয়েছি এবং সঠিকভাবে প্রেস করতে পারিনি। এবারের বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, প্রতিটি লড়াই অত্যন্ত জটিল ও সমান প্রতিদ্বন্দ্বিতামূলক।

লিওনেল স্কালোনির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া এবং ভুলগুলো শুধরে নেওয়া। মেসি মনে করেন, আজকের ম্যাচে খারাপ দিকগুলো অনেক বেশি ছিল, যদিও কিছু ইতিবাচক কাজও হয়েছে। শেষ ষোলোতে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ মিশর, যারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পর্বে উঠেছে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই আটলান্টায় এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন