ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে লিওনেল মেসির অর্জনের ঝুলি এখন পরিপূর্ণ। চার বছর আগে স্বপ্নের বিশ্বকাপ জয় এবং টানা দুই কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আবারও একটি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী মহারণের আগে সতীর্থদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন মেসি।
ফাইনালের কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেন ৩৯ বছর বয়সী এই তারকা। দীর্ঘ এই যাত্রার স্মৃতিচারণ করে তিনি লেখেন, গত কয়েক বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কেবল ট্রফি জয় নয়, বরং পুরো পথচলাটিই ছিল অসাধারণ। এই দলের সাথে প্রতিদিনের সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন পরিস্থিতি মোকাবেলা করা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
নিজেদের কোচিং স্টাফ, সতীর্থ এবং দলের সাথে যুক্ত প্রতিটি কর্মীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে মেসি লেখেন, তার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং সেইসব মানুষ যারা জাতীয় দলটিকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যে এমন এক ইতিহাস তৈরি করেছে যা কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না এবং তারা নিজেরাও তা ভুলবে না। সবশেষে তিনি আর্জেন্টিনা দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপ যেন পুরোপুরি মেসির। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি এবারের আসরে এখন পর্যন্ত ৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। তার সুদক্ষ নেতৃত্বেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে।




