অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বন্ধু ও লেখক তামান্না সেতু দাবি করেছেন যে, প্রচুর সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে। বিষয়টি শাওন নিজেই তামান্না সেতুকে জানিয়েছেন।
রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তামান্না সেতু জানান, প্রচুর রিপোর্টের কারণেই মূলত এই সাসপেনশন ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি যে পোস্টটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল, সেটি শাওন নিজে থেকে ডিলিট করেননি।
উল্লেখ্য, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টের কারণে মেহের আফরোজ শাওন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ মোট ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।





