সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৪ জন শিশু মারা গেছে। সব মিলিয়ে এই সময়ে মোট ৭৫৮টি শিশু প্রাণ হারিয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ৮৪৯টি শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং ৮৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জন। এর মধ্যে মোট ৯৪ হাজার ৩৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





