প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৩৩। খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের বাসিন্দা মো. সজিব (২৫) নামের এক যুবক অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী এই যুবক শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এই কাণ্ড ঘটান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে সজিব নিজের শরীরে দুধ ঢালছেন। তিনি জানান, জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জুয়ার পেছনে প্রায় ১৫ লাখ টাকা খুইয়ে তিনি বর্তমানে নিঃস্ব। এই চরম আর্থিক সংকটে পড়ে তিনি সব ধরনের জুয়া থেকে চিরতরে দূরে থাকার প্রতিজ্ঞা করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সজিব দীর্ঘদিন ধরেই অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ক্রমাগত অর্থ খরচ করতে করতে তার জমানো সম্পদ ও সঞ্চয় শেষ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ কাজ নয়; তিনি যেন তার প্রতিজ্ঞায় অটুট থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেটাই সবার প্রত্যাশা।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। এখন নিজের ভুল বুঝতে পেরে সে যে পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে, তা তার নিজের, পরিবারের এবং এলাকার জন্য ইতিবাচক।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানিয়েছেন, অনলাইন কিংবা সরাসরি—সব ধরনের জুয়াই অবৈধ। পুলিশ এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণাও অব্যাহত রেখেছে।





