জ্বালানি খাতের সংকট সমাধানে সময় প্রয়োজন: মাহদী আমিন

প্রকাশ:

বিগত ১৬ বছরের পুঞ্জীভূত প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কারণে জ্বালানি খাত বর্তমানে এক বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দীর্ঘদিনের এই স্থবির সমস্যা মাত্র পাঁচ বা ছয় মাসে পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়ন : নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা জ্বালানি খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করছেন। পাশাপাশি নিজস্ব দেশীয় প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে মধ্যমেয়াদে জ্বালানি সঙ্কটের একটি টেকসই ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন জানান, সরকার সরাসরি জেলা পর্যায়ে পৌঁছে স্থানীয় নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে। এই উদ্যোগটি প্রথমে বিভাগীয় পর্যায়ে শুরু হয়ে পরবর্তীতে সারাদেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত হবে।

বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ রাজনৈতিক অভিমত ও ভোটাধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া এই সরকার প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে। নিত্যপণ্যের ওপর থেকে কর ও ভ্যাট কমানোর ফলে বাজারে অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের নীতিমালায় পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও উন্নয়নের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং সংসদ সদস্য মাধবী মারমা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন