চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: উপদেষ্টা ড. মাহদী আমিন

প্রকাশ:

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, তার সাম্প্রতিক তিন দিনের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, এই সফরে কারিগরি শিক্ষা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে এবং তিনটি নতুন প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ড. মাহদী আমিন বলেন, বিশ্বজুড়ে স্বল্প খরচে মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানের জন্য চীনের বিশেষ সুখ্যাতি রয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে এই স্বল্পসময়ের সফরে চীনের ৫০টিরও বেশি প্রথম সারির কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট এবং শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান।

সফরের মূল অর্জন হিসেবে উপদেষ্টা উল্লেখ করেন যে, বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছে। তিনি জানান, সফরকালে 'চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ' সেন্টার শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি 'চায়না-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্টিগ্রেশন ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার' আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এছাড়া, যৌথ সহযোগিতা জোরদারে আরও তিনটি নতুন প্ল্যাটফর্মের সূচনা হয়েছে, যার মধ্যে রয়েছে 'চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টার', 'বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার' এবং 'বাংলাদেশ চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট' সহযোগিতা কেন্দ্র।

তরুণদের দক্ষ করে দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে ড. মাহদী আমিন বলেন, শিক্ষার্থীরা যেন চীনা ভাষায় দক্ষতা অর্জন করে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থায় সহজে কর্মসংস্থান পেতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, কারিগরি শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টার উদ্বোধন এবং তিনটি নতুন প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে সাম্প্রতিক ৩ দিনের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে।

শেয়ার করুন