আগামী ৫ আগস্ট জুলাই শহীদ দিবস এবং ১৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাগুরায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় দিবসগুলো পালনের জন্য বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়। এর মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন। সফলভাবে কর্মসূচি পালনের জন্য সভায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় বক্তারা জুলাই শহীদ আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আন্দোলন আমাদের অনুপ্রেরণার উৎস। ছাত্র-জনতার তীব্র প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে জাতি অনেক মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে এবং অনেক পরিবার তাদের সন্তান হারিয়েছে। ৫ আগস্টের স্মৃতি দেশ ও জাতি কোনোদিন ভুলবে না বলে তারা মন্তব্য করেন।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং শহীদ পরিবারের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।




