পরীক্ষা শেষে অভিনয়ে ফিরলেন মাফতুহা জান্নাত জীম

প্রকাশ:

দীর্ঘ দেড় মাসের বিরতি কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরেছেন প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে এতদিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে ছিলেন তিনি। গত ৯ আগস্ট তার পরীক্ষা শেষ হওয়ার পর কোনো প্রকার বিশ্রাম ছাড়াই তিনি আবারও অভিনয়ে মনোনিবেশ করেছেন।

পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই পরিচালকদের অনুরোধ এবং জমে থাকা চিত্রনাট্যের টানে দ্রুত সেটে ফিরেছেন জীম। ১০ আগস্ট থেকে তিনি পুরোদমে শুটিং শুরু করেছেন। আগস্ট মাসের পুরো সময়জুড়েই তার শুটিংয়ের শিডিউল সাজানো রয়েছে। এই পুরো মাসটিতে তার কোনো ছুটির সুযোগ নেই এবং দিন-রাত এক করে বিভিন্ন লোকেশনে একটানা কাজ করতে হবে তাকে।

ফিরেই জীম সেলিম রেজা পরিচালিত 'লুকোচুরি প্রেম' নামের নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এরপর তিনি আরও একটি নতুন নাটকের কাজ এবং একটি ওভিসির শুটিং সম্পন্ন করেছেন। আগামী দিন থেকেও তার নতুন নাটকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিটি নাটকেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন।

পড়াশোনার জন্য দেড় মাস কাজের বাইরে থাকলেও বর্তমানে নিজের দক্ষতা প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করছেন জীম। নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, 'পড়াশোনার জন্য দেড় মাস কাজে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়েই ফের কাজ শুরু করেছি। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবোই।'

শেয়ার করুন