ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশ:

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৮। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম এবং দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ইবতেদায়ি ও দাখিল পর্যায়ের বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই নতুন সময়সীমার পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।

বর্ধিত সময়সূচী অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। তবে অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। নিয়ম অনুযায়ী, বোর্ড ফি সিস্টেমে সফলভাবে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত সব মাদ্রাসার প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন