স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না, তাই দলীয় মনোনয়ন বা প্রতীকও থাকছে না। তিনি জানান, সরকার নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে। এছাড়া বৈধ প্রার্থীদের নিরাপত্তা এবং প্রচার-প্রচারণার সুযোগ নিশ্চিত করতে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি স্থানীয়ভাবে দল সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা বিএনপিকে সংশ্লিষ্ট ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী ঠিক করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো অবস্থান নিচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।





