বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বিসিবির তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন লিটন দাস।
লিটন দাস আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এই পরিবর্তনের ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। নতুন এই নেতৃত্বে লিটন দাসের সহকারী বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। এছাড়া টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনই বহাল থাকছেন।
বোর্ড সভার সিদ্ধান্তের বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’
সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে নানা মহলে সমালোচনা চলছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হারের পর থেকেই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই মিরাজের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো।





