জুলাই সনদের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ব: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ:

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনার ওপর ভিত্তি করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্নির্মাণ করতে চাই। এই লক্ষ্য অর্জনে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, গত ১৮ বছর ধরে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মাঠে থেকে এই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামান্য নিজ স্বার্থের জন্য যেন জাতিটাকে আর দ্বিধা-বিভক্ত করা না হয়। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সকলের অংশগ্রহণ ও ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

আহমেদ আযম খান আরও বলেন, ফ্যাসিবাদের মতো আচরণ করে কেউ যদি দেশটাকে বিভক্ত করতে চান, তবে জনগণ তা মেনে নেবে না। মানুষ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র চায় এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় তারা তাদের মতামত প্রকাশ করতে আগ্রহী।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান নিরলসভাবে এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে পুরো জাতিকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যাত্রা শুরু করেছেন। তারেক রহমানের নেতৃত্বেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো।

শেয়ার করুন