শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি উপদেষ্টার

প্রকাশ:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি সম্প্রচার করা হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন, তখন আমরা আগেও পত্রিকাগুলোকে নির্দেশনা দিয়েছি। আগামীকাল হাসিনা বক্তব্য দেবেন—এটি যদি কেউ আগাম জানায় বা প্রকাশ করে, তবে তা আদালতের রায় লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আগে এমন কাজ করেছেন, তাদের বিষয়টি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি।

আদালতের নির্দেশের গুরুত্ব তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আদালত নয়। কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, তবে তিনি আদালতে গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যতক্ষণ আদালত ভিন্ন কোনো রায় না দিচ্ছে, ততক্ষণ তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। আদালতের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করাই সরকারের কাজ।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতেই চায়। এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

শেয়ার করুন