আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারিক কার্যক্রম নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) দেওয়া পর্যবেক্ষণ সরকার আমলে নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.
আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে আইনি সহায়তা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি অভিযোগ করেছে যে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, যেকোনো জায়গা থেকে কোনো পর্যবেক্ষণ দেওয়া হলে তা আমলে নেওয়া এবং খতিয়ে দেখা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, এই পর্যবেক্ষণগুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি না। তারা কী বলছেন বা কী করছেন, তা আমাদের খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং আমরা তা করছি। অভিযোগ যে-ই করুক না কেন, তা খতিয়ে দেখার জন্য সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানান মন্ত্রী।





