আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন হওয়া উচিত। তিনি বলেন, 'আমিও চাই—তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে।'
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 'আগামীর শৈলকূপা' শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার যে অভিযোগ রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। সত্যের মুখোমুখি হতে হলে তাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতেই হবে।
শেখ হাসিনার দেশে ফেরা এবং বিদেশ থেকে বক্তব্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যা এবং সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া তার ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়া নিয়ে এআই ব্যবহারের গুঞ্জন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে সরব, তাদের উদ্দেশ্যে আইনমন্ত্রী প্রশ্ন রাখেন, এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি একবারও নিজের অপরাধ স্বীকার করেছেন বা জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? তিনি উপস্থিত সকলকে নিজেদের বিবেককে এই প্রশ্ন করার আহ্বান জানান।





