আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে অর্থের পিছে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বা শর্টকাট পথের আশ্রয় না নিয়ে মেধা, সততা, নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন আদর্শ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি এখন অনেক বেশি স্বচ্ছ ও কঠোর। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কোনো অনুকম্পায় নয়, বরং নিজেদের মেধা ও যোগ্যতার বলেই সনদ পেয়েছেন। এনরোলমেন্ট পরীক্ষায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
নবীন আইনজীবীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও হতাশ হওয়া যাবে না। অভিজ্ঞতার সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিক দুটোই বাড়বে। তিনি আরও বলেন, ক্লায়েন্টের সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আইনজীবীদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিনামূল্যে মামলা পরিচালনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী জানান, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ করতে নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভালো ড্রাফটিংসহ বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জনে প্রতিনিয়ত অধ্যয়ন করতে হবে। ভবিষ্যতে এমন একটি আইনজীবী সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি, যারা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্বের যোগ্যতা অর্জন করবেন।
অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এ. বাকি খলিলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএপির ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড হিউম্যান রাইটসের বিভাগীয় প্রধান ড. নূর-ই মেডিনা সূরাইয়া জেসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।





