টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া এবং বান্দরবানের লামায় পাহাড়ধসের পৃথক ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।
চকরিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোরে উপজেলার মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে দুই শিশু মারা গেছে। চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, ঘটনার সময় ওই বসতঘরে দুই শিশুসহ তাদের মা অবস্থান করছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম পরিচয় জানা যায়নি।
একই দিনে ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পাহাড়ধসে আরও পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই এলাকায় দুটি পৃথক ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনায় একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় এক দম্পতি মাটিচাপা পড়েন।
লামায় নিহতরা হলেন মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫)। অপর ঘটনায় নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।
ভোরে পাহাড়ধসের পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।





