প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৩
দেশের সব সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এবং তহশিলদারদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ও নাগরিকদের সেবা ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে জিপিএস ট্র্যাকিং ও জিও ফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘দৃষ্টি’ নামের একটি অ্যাপ চালু করা হচ্ছে।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টায় আয়োজিত একটি সভার মাধ্যমে ‘দৃষ্টি’ বা জিও ফেন্সিং অ্যাটেনডেন্স সিস্টেম অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। এ সভায় ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়া জেলায় এই অ্যাপের কার্যক্রম শুরু হচ্ছে। এসব জেলার ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এই নজরদারির আওতায় আনা হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে পরবর্তীতে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে কর্মকর্তাদের উপস্থিতি ও অবস্থান পর্যবেক্ষণ করা যাবে। কোনো কর্মকর্তা নির্ধারিত কর্মস্থলের সীমানায় প্রবেশ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে সংকেত পাওয়া যাবে। এছাড়া অফিস চলাকালে নির্ধারিত এলাকার বাইরে যেতে হলে অ্যাপেই কারণ উল্লেখ করতে হবে। অনুমতি ছাড়া অফিস ত্যাগ বা দেরিতে প্রবেশের বিষয়টিও এই প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) এমদাদুল হক চৌধুরী জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কাজের জবাবদিহি নিশ্চিত হবে। শুধু উপস্থিতি নয়, নামজারিসহ ভূমিসংক্রান্ত সেবাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কি না, তাও এই অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোনো কাজ নির্ধারিত সময়ে শেষ না হলে বা নামজারি বাতিল হলে তার সুনির্দিষ্ট কারণ নথিতে লিপিবদ্ধ করতে হবে।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, ভূমি প্রশাসনের ক্ষেত্রে কর্মকর্তাদের সময়মতো অফিসে না পাওয়া বা অনুপস্থিত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সেই ভোগান্তি নিরসন করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।





