প্রথম সন্তানের মা হলেন পপ তারকা লেডি গাগা

প্রকাশ:

মাতৃত্বের নতুন এক অধ্যায় শুরু করলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গাগা ও তার বাগদত্তা মাইকেল পোলানস্কি সম্প্রতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। যদিও নবজাতকের নাম, জন্মের সঠিক তারিখ বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর ক্যালিফোর্নিয়ায় গাগা ও পোলানস্কিকে তাদের সন্তানের সঙ্গে দেখা গেছে।

লেডি গাগা এর আগেও একাধিকবার মা হওয়ার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে এলে ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পোলানস্কির সঙ্গে ভবিষ্যতে পরিবার গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন। গাগার মতে, পরিবার হলো মানুষের জীবনের ‘শিকড়’, যা একজন ব্যক্তিকে গড়ে তোলে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা তৈরি করে।

সন্তানদের লালন-পালন ও তাদের বেড়ে ওঠার স্বাধীনতা প্রসঙ্গে গাগা বলেছিলেন, একজন শিল্পী হিসেবে তাকে নিয়ে তার সন্তানরা কী ভাববে, তা তিনি আগে থেকে নির্ধারণ করে দিতে চান না। তার ভাষ্যমতে, পৃথিবীতে আসার পর শিশুদের কী ভাবতে হবে বা কী বিশ্বাস করতে হবে, তা নানা দিক থেকে চাপিয়ে দেওয়া হয়। তাই তিনি চান তার সন্তানেরা যেন নিজেদের পরিচয় ও মতামত গড়ে তোলার পূর্ণ স্বাধীনতা পায়। পোলানস্কির সঙ্গেও এ বিষয়ে তাদের অনেক আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন গাগা।

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের সূচনা হয় ২০১৯ সালের দিকে। দীর্ঘ সম্পর্কের পর ২০২৪ সালের জুলাই মাসে প্যারিস অলিম্পিক গেমসের একটি অনুষ্ঠানে তাদের বাগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

শেয়ার করুন