২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। তিনি মনে করেন, ফিফার এই উদ্যোগ ফুটবল শিল্পের জন্য ক্ষতিকর।
ইতালির দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের সাথে আলাপকালে হাভিয়ের তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এক দশক ধরে ইনফান্তিনো ফিফা পরিচালনা করছেন, তবে যে ব্যবস্থার ওপর ভিত্তি করে তিনি ক্ষমতায় টিকে আছেন, তাতে বড় ধরনের ত্রুটি রয়েছে। লা লিগা প্রধানের মতে, ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।
ফুটবলের বিশ্বায়ন এবং অতিরিক্ত ম্যাচের চাপের ফলে ঘরোয়া ফুটবল যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা তুলে ধরে তেবাস বলেন, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে, অথচ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গুটিকয়েক ফুটবলার খেলার সুযোগ পান।
উল্লেখ্য, ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই ফিফা সভাপতি ২০৩০ সালের আসরে দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রথম সামনে আনেন।
আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে লা লিগা সভাপতি আরও বলেন, ফিফার উচিত ঘরোয়া লিগগুলোকে সুরক্ষা দেওয়া, কারণ এগুলোই মূলত ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখে। জাতীয় দলের ম্যাচ কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তেবাস দাবি করেন, একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিচ্ছে ফিফা, যা ফুটবলের জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ হতে পারে।





