রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের কাজের গতি বাড়াতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সরঞ্জাম সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য সরকার এসব বাইসাইকেল ও বিভিন্ন পোশাক সামগ্রী প্রদান করছে। জনকল্যাণমূলক কাজে এই সরঞ্জামগুলো যেন সঠিক ও কার্যকরভাবে ব্যবহৃত হয়, সেদিকে সকল গ্রাম পুলিশকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
নতুন বাইসাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাপ্তাইয়ের গ্রাম পুলিশ সদস্যরা। একই সঙ্গে মাঠপর্যায়ে কাজের আগ্রহ ধরে রাখতে এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত বেতন-ভাতা বাড়ানোর জোর দাবি জানান তারা।





