কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট শনিবার খোলার প্রস্তুতি

প্রকাশ:

কাপ্তাই লেকের পানির উচ্চতা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। আগামী শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামাল দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক পর্যায়ে গেটগুলো খোলার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।

এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। তবে পানির অতিরিক্ত চাপ সামাল দিতে নিয়মিত উৎপাদনের পাশাপাশি আরও ৯ হাজার কিউসেক পানি বাড়তি ছাড়ার এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন