সিলেটের কানাইঘাট থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধভাবে পাথর পরিবহনের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে এসআই বাবুল মিয়া ও এএসআই এ.কে.এম জিয়াউল হক নেতৃত্ব দেন। লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর চুরি রোধে পুলিশ এই বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন রাত আনুমানিক দেড়টার দিকে লোভারমুখ সুরমা নদীর খেয়াঘাট এলাকা থেকে একটি স্টিলের নৌকাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় নৌকা থেকে ৬০০ ঘনফুট অবৈধ পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ (২০) এবং একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর (২২)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২২, তারিখ: ২৮/০৭/২০২৬, জিআর নং-১৩৭/২৬)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।





