মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই একনালা পাইপগানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





