ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায়, এখন থেকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাময়িকভাবে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নিজের নতুন দায়িত্বের বিষয়ে তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছিলেন। একই নিয়ম অনুযায়ী, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ব্যারিস্টার কায়সার কামালও শপথ নিয়েছেন যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন।

সদ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে দুপুরে তিনি নিশ্চিত হয়েছেন যে বিষয়টি সত্য। শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে জানান তিনি। তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে হাফিজ উদ্দিন আরও বলেন, যদিও তিনি মাফিয়া সরকারের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) আমলে নির্বাচিত হয়েছিলেন, তবুও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি তিনি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

শেয়ার করুন