কবিরহাটে যুবদল নেতার মরদেহ উদ্ধার, দুই চাচাতো ভাই পলাতক

প্রকাশ:

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজ হওয়ার একদিন পর আজাদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আজাদ ওই গ্রামের হানিফ মিয়া বাড়ির মৃত ফজল হকের ছেলে এবং কবিরহাট পৌরসভার ৮ নম্বর যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে আজাদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে শুক্রবার বিকেলে বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন যে, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন বলে স্বজনরা দাবি করেন। নিহতের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি জানান, আজাদ ব্যবসার পাশাপাশি যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, আজাদের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন