জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন। এরপর পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের এই তথ্য নিশ্চিত করেন। সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই জাদুঘর নির্মাণ কিংবা এর ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
জাদুঘরের প্রবেশাধিকার প্রসঙ্গে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন বুধবার জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। শিশুদের জন্য প্রবেশমূল্য ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জাদুঘর উদ্বোধনের দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন রাখা হয়েছে। তিনি আরও বলেন, সময়ের প্রয়োজনে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে জাদুঘরের মহাপরিচালক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানাবেন।





