জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ:

জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব জনগণের, কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এ (কেআইবি) আয়োজিত 'গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই এই আন্দোলন সফল হয়েছে এবং জনগণ যখন এই আন্দোলনে পুরোপুরি সম্পৃক্ত হয়েছে, তখনই তা সফলতার মুখ দেখেছে। তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, এই আন্দোলনের ক্রেডিট দেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা একক কোনো রাজনৈতিক দলের নয়।

তারেক রহমান উল্লেখ করেন যে, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল। তিনি বলেন, আমরা কখনোই মাঠ ছেড়ে যাইনি এবং জনগণকে একা ফেলে চলে আসিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারপ্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রামের কথা হয়েছে এবং তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি জনগণকে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় ষড়যন্ত্রকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। একই সঙ্গে, জনগণের সামনে দেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা এবং জনগণের প্রত্যাশাগুলো পূরণ করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি জানান।

শেয়ার করুন