জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাগুলোর বিচারকাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে এ পর্যন্ত ছয়টি মামলার বিচারকাজ শেষ হয়েছে। এর মধ্যে তার যোগদানের আগে তিনটি এবং পরে তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে ছয়টি মামলার বিচার সম্পন্ন করা অত্যন্ত দ্রুততম একটি বিষয়। পাশাপাশি শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিচার প্রক্রিয়ার গতি নিয়ে মো. আমিনুল ইসলাম আরও বলেন, বিচারকাজ এর চেয়ে দ্রুত করা হলে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিতে পারে। তাই বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই স্বচ্ছভাবে এগোচ্ছে।
বর্তমানে চলমান মামলাগুলোর আপডেট সম্পর্কে তিনি জানান, চলতি মাসেই আরও প্রায় তিনটি মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। ওবায়দুল কাদেরের একটি মামলার যুক্তিতর্ক শুনানি চলছে এবং মাহবুব উল আলম হানিফের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, যার রায় যেকোনো সময় ঘোষণা হতে পারে।
যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, অত্যন্ত নৃশংসভাবে সংঘটিত এই মামলার যুক্তিতর্ক শুনানি কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এছাড়া জিয়াউল আহসানের মামলার সাক্ষী-প্রমাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আরও কয়েকটি মামলা বিচারের চূড়ান্ত পর্যায়ে আছে। পরিশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, জুলাইয়ের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আগামী এক বছরের মধ্যে সব বিচার সম্পন্ন করাই ট্রাইব্যুনালের মূল লক্ষ্য।





