সাগর-রুনি, আসাদুজ্জামান তুহিন, গোলাম রব্বানী নাদিম এবং শেলু আকন্দসহ বিভিন্ন সময়ে নিহত ৪৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হয়রানির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি উত্থাপন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের বড় দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনের সময় যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ডিইউজের দপ্তর সম্পাদক আল-আমিন এবং সদস্য রাজু আহমেদ।





