জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং তা বজায় রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাসে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এই ঘোষণা দেন।
মেহেদী হাসান হিমেল তার বক্তব্যে উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদল অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবে। তিনি অন্য সব ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা ‘মববাজি’র মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
ছাত্রদলের নেতাকর্মীদের ধৈর্যের প্রশংসা করে হিমেল বলেন, গত দুই দিনে ছাত্রদলের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সামনেও তা বজায় রাখবেন। শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে। যতক্ষণ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে, ততক্ষণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বক্তব্যের শেষ পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত কয়েকজন প্রতিনিধি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় জকসুর এজিএস মাসুদ রানা এবং ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. ইব্রাহীম খলীলসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে দেখা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবন ও শহীদ মিনার-সংলগ্ন এলাকায় ছাত্রদলের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।





