ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে রাজ্য। চাকরিপ্রার্থীরা চতুর্দশ রাজ্য সরকারি কর্ম কমিশনের প্রাথমিক পরীক্ষা বাতিল, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং সামগ্রিক নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে জোরালো আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনের অংশ হিসেবে গত রোববার রাজধানী রাঁচির আলবার্ট এক্কা চকে হাজার হাজার শিক্ষার্থী মশাল মিছিল করেছেন।
আন্দোলনকারী ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। তিনি জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। মাহাতো বার্তা সংস্থা এএনআইকে বলেন, গত মাসের ২ তারিখে পরীক্ষার ফলাফল ঘোষণার পর ৫ জুলাই থেকে তারা আন্দোলন শুরু করেন। এরপর ৭ জুলাই সরকারের সঙ্গে সাক্ষাৎ, ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ এবং ২০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে উপযুক্ত সমাধান না পাওয়ায় তিনি অনশনের পথ বেছে নিয়েছেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবি, এই দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। বিতর্ক তীব্র হওয়ার পর রাজ্য সরকার সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয় এবং ২২ জুলাই জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। তবুও আন্দোলনকারীরা সিবিআই তদন্তের দাবিতে অনড়।
দেবেন্দ্র নাথ মাহাতো বলেন, ১৪তম পিটি পরীক্ষা বাতিল এবং টিডিপিএল সংস্থা পরিচালিত সব পরীক্ষার তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সরকার ও কমিশনের মনোভাব শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিচ্ছে, যা পুনরুদ্ধারে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি এই অনশনের সব নিয়ম মেনে চলব এবং নিশ্চিত করব যে সরকার নতজানু হয়। আমরা নিশ্চিত করব, সব অভিযুক্ত কঠোর শাস্তি পায়।
এদিকে, এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রোববার সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনকারী নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি জানান, জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই ন্যায্য লড়াইয়ে সিজেপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।





