কলকাতার মিছিলে জয়া আহসান, নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেত্রী

প্রকাশ:

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওই মিছিলে তার অংশগ্রহণ, স্লোগান দেওয়া এবং সমবেত কণ্ঠে গান গাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক এবং বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের বেশ কয়েকজন তারকা অংশ নেন। মিছিলে জয়া আহসানের সঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও পৌষালীসহ অনেককে দেখা গেছে। এ সময় তাদের সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি গাইতে দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য নিরাপদ করার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এটি কোনো রাজনৈতিক ইস্যুকেন্দ্রিক ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশের নাগরিক হয়ে কলকাতার কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি নিয়ে অনেকে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি অনেকেই নারীদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দাবিতে একজন শিল্পীর অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এই ইস্যুতে এখন পর্যন্ত জয়া আহসান নিজের কোনো অবস্থান বা প্রতিক্রিয়া জানাননি। এদিকে, অভিনয়ের ব্যস্ততায় থাকা এই অভিনেত্রীর অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে।

শেয়ার করুন