গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে বরিয়াবরী দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন এবং দরবার শরীফের পতাকা হাতে নিয়ে এই মিছিলে অংশ নেন। এতে এলাকাটি ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর হয়ে ওঠে।
জশনে জুলুসে আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী ও আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





