বিএনপি ছাড়া অতীতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতে ইসলামী জোট করেনি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আইনমন্ত্রীর একটি প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদে জুলাই মাসের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনার সময় ডা. শফিকুর রহমান বলেন, অনেকে ইতিহাস নিয়ে আলোচনার সময় ১৯৯৬ সালের দিকে ফিরে যাচ্ছেন। তিনি প্রশ্ন রাখেন যে, ১৯৯৬ সালে থেমে না থেকে তারা চাইলে ১৯৯১ সালের প্রেক্ষাপটও টানতে পারতেন।
জামায়াত আমির আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো জোট ছিল না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তাদের জোট সবসময় বিএনপির সঙ্গেই হয়েছে এবং এর বাইরে অন্য কারও সঙ্গে কোনো জোট হয়নি। যারা অন্য কোনো জোটের দাবি করেন, তাদের ইতিহাস সম্পর্কে জানার অভাব রয়েছে এবং তারা রাজনীতিতে অনভিজ্ঞ। এ ধরনের দাবিকে তিনি পুরোপুরি মিথ্যা বলে অভিহিত করেন।
নিজের বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, মন্ত্রিপরিষদের সদস্যরা যখন বক্তব্য দেন, তখন আমরা সঠিক তথ্য আশা করি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তিনি এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করতে চান না জানিয়ে বলেন, সুযোগ পেলে এই বিষয়ে তিনি সংসদে পরবর্তীতে কথা বলবেন।
জামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।
তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি, এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।





