তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি) দুই দিনব্যাপী ‘উদ্ভাবন প্রতিযোগিতা–২০২৬’ আয়োজন করেছে। গত ১ ও ২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ১০০টিরও বেশি দলের প্রায় ৩৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগীরা মোট ১০টি ভিন্ন বিভাগে তাদের প্রযুক্তিনির্ভর সমাধান ও উদ্ভাবনী ধারণা তুলে ধরেন। এর মধ্যে প্রজেক্ট প্রদর্শনী, গবেষণা পোস্টার উপস্থাপন, সকার ও রেসিং রোবট, হ্যাকাথন এবং ব্যবসায়িক কেস বিশ্লেষণ উল্লেখযোগ্য। বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর মধ্যে রয়েছে এগ্রি স্পার্ক, সোলার সোলস, জেন সিভিল, লিংক স্পেস, এএইচ ফাইটার, নেক্সট জেন রোবটিকস, এএইচ রোভার, অ্যাসেট ক্লাস, সোলার সোল এবং ওয়েব জারএক্স।
সমাপনী দিনে বিজয়ীদের হাতে মোট ৭৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সনদ ও স্মারক উপহার প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস উপস্থিত ছিলেন। একই সাথে আইআইইসি-এর বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এই প্রতিযোগিতার মূল ধারণা ও পরিকল্পনা প্রণয়ন করেন, যার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবমুখী সমস্যা সমাধানে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আইআইইসি-এর পরিচালক ড. নাঈম হোসেন জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় নিয়মিত অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে থাকে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নেতৃত্ব ও দলগত কাজের অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, গবেষণা ও প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করার পাশাপাশি একটি উদ্ভাবনমুখী স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





