ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের প্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখের পূর্বাহ্ন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
এর আগে গত বছরের ৫ মার্চ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতেই শনিবার থেকে অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই নতুন দায়িত্ব প্রদান করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।





