লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির বিভিন্ন গ্রাম ও শহরে রাতভর ইসরাইলি বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শনিবার সকালে নাবাতিয়ে জেলার আনসারের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইল। এই হামলার পর লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে। এটি গত জুনে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার পর লেবাননে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।
এনএনএ’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে নাবাতিয়ে আল-ফাওকার কাছে আলি আল-তাহের রিজে সিরিজ বিমান হামলা পরিচালনা করে ইসরাইলি বাহিনী। এছাড়া নাবাতিয়ে আল-ফাওকার হুসেইনি ক্লাব এবং টিচার্স ট্রেইনিং সেন্টারের কাছে পৃথক দুটি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আনসার ও জারারিয়ে উপত্যাকার মধ্যবর্তী এলাকাতেও ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বিন্ত জেবেইলে ইসরাইলি হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া কুনাইন-সাফ আল হাওয়া রোডের সংলগ্ন বাড়িগুলোতেও অতর্কিত গুলি চালানো হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইল প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।





