ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, মতিঝিলে উত্তেজনা

প্রকাশ:

রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছেন দুটি পক্ষ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবং বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পৃথক কর্মসূচি শুরু করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করছেন। কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহক ও ব্যবসায়ীরা বক্তব্য রেখেছেন। তারা ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। এর আগেও গ্রাহক ফোরাম ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময় নিয়োগ পাওয়া এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সনদ যাচাইয়ের পর তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। বকেয়া বেতন-ভাতাসহ কোনো শর্ত ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে—এমন এক দফা দাবি জানিয়েছেন তারা।

উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন