হরমুজ প্রণালী অতিক্রমের সময় ছয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, ওমানের করিডোর দিয়ে যাওয়ার সময় জাহাজগুলোকে অন্য পথে সরে যেতে বাধ্য করা হয়। ওই এলাকায় আইআরজিসির নৌ টহল অব্যাহত রয়েছে।
উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে এই জাহাজগুলো তাদের পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে। এসব জাহাজ ইরান থেকে ওমান উপকূলের কাছাকাছি রুট ব্যবহার করছিল। গতিপথ পরিবর্তনের পর দুটি জাহাজ তেহরানের দিকে এবং বাকি চারটি জাহাজ পুনরায় উপসাগরের দিকে ফিরে গেছে। আইআরজিসি কর্তৃক নির্ধারিত ‘নিরাপদ পথ’ ছাড়া অন্য রুট ব্যবহারকারী জাহাজগুলোকে রেডিও বার্তার মাধ্যমে নিয়মিত সতর্ক করে আসছে বাহিনীটি।
এদিকে, ইরান ও কাতারের মধ্যে পুনরায় সামুদ্রিক বাণিজ্য চালু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর এই বাণিজ্য পুনরায় শুরু হলো। দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি আব্বাস আবদোলখানি জানিয়েছেন, ইরানি দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে।





