ইরানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের হুমকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে ‘এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক অভিযান’ পরিচালনার হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি দাবি করেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ প্রবেশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক মতামত নিবন্ধে বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক পদক্ষেপের এই ইঙ্গিত দেন। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন অর্থমন্ত্রী জানান, তেহরান সম্পূর্ণ একা না হওয়া পর্যন্ত তাদের স্বৈরাচারী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি এই পরিকল্পনাকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে আর্থিকভাবে লেনদেন বা ব্যবসা করা যেকোনো দেশকেও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা হবে।

মার্কিন অর্থমন্ত্রীর এই হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পক্ষ থেকে পাল্টা বার্তা দিয়ে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে তারা ওই অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেবে। পাশাপাশি জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান নতুন সতর্কতা জারি করেছে। দেশটির অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজকে চলাচল না করার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকেই ইরান কার্যত এই নৌপথের মাধ্যমে জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে।

শেয়ার করুন