ইরানের জ্বালানি অবকাঠামোয় ফের হামলার পরিকল্পনা করছেন ডনাল্ড ট্রাম্প

প্রকাশ:

আগামী কয়েক দিনের মধ্যে ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ফের হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এই সম্ভাব্য বিমান হামলার মূল উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরানকে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে বাধ্য করা।

দীর্ঘ বিরতির পর এই নতুন সামরিক অভিযানে ইসরাইলি বাহিনী যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সিবিএস নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালও এ ধরনের সম্ভাব্য হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এ বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প কঠোর ইঙ্গিত দিয়ে বলেন, তারা ইরানের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবেন এবং একসময় তেহরান বলবে যে তারা আর সহ্য করতে পারছে না। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যত বেশি হামলা চালাবে ইরান তত দুর্বল হবে এবং শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়বে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রসঙ্গে বলেন, প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং তার দায়িত্বে থাকা অবস্থায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আচরণকে অত্যন্ত আগ্রাসী হিসেবে বর্ণনা করেছেন।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলা হবে উন্মাদনার শামিল। ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান ব্যাপক পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনা প্রস্তুত রেখেছে। এর আওতায় জায়নিস্ট শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পূর্ণ প্রস্তুতি রয়েছে।

শেয়ার করুন