ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুমকি দিয়েছে ইরান। পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক আঘাত হানার বিষয়েও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এবং লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি অভিযোগ করেন যে, নেতানিয়াহু তার ‘যুদ্ধবাজ আচরণ’ দিয়ে ইসরায়েলি শাসনের পতনকে ত্বরান্বিত করছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাকে ‘নরকে পাঠানো’ হবে বলে তিনি সতর্ক করেন।
ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে রেজাই বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তানকে হত্যার একটি কথিত ইরানি পরিকল্পনার ভুয়া তথ্য প্রচার করে ওয়াশিংটনকে বিভ্রান্ত ও আতঙ্কিত করার চেষ্টা করছে ইসরায়েল। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
আঞ্চলিক উত্তেজনা ও লেবানন সীমান্ত প্রসঙ্গে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া হবে। নতুন কোনো সংঘাত শুরু হলে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবং ইরান এর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন রেজাই। তিনি বলেন, সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এখন অর্থনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছে। যদি এসব অবরোধ তুলে না নেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সম্পদ ও স্বার্থের ওপর সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করা হবে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, অর্থনৈতিক আক্রমণ চালালে যুক্তরাষ্ট্রকেও মধ্যপ্রাচ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।





