হরমুজ প্রণালি ও এর সামুদ্রিক নৌযান চলাচল ব্যবস্থাপনার জন্য ওমানের দেওয়া একটি আঞ্চলিক যৌথ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গত শুক্রবার ও শনিবার তেহরান সফররত ওমানের প্রতিনিধিদল এই প্রস্তাবটি দিয়েছিল। ওমানের ওই পরিকল্পনায় প্রণালিটির ব্যবস্থাপনার দায়িত্ব ৫০-৫০ ভিত্তিতে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছিল, যেখানে অর্ধেক অংশ থাকবে ইরানের নিয়ন্ত্রণে এবং বাকি অর্ধেক থাকবে ওমানের তত্ত্বাবধানে।
তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিয়েছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো কাঠামো কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ইরানের যুক্তি অনুযায়ী, প্রণালিটির তীরবর্তী রাষ্ট্র হিসেবে একমাত্র এই দুই দেশেরই এ বিষয়ে বিশেষ অধিকার রয়েছে। এছাড়া তেহরান জোর দিয়ে বলেছে, প্রণালির ৫০ শতাংশ অংশের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং বাকি অংশেও আংশিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, এটিই ইরানের চূড়ান্ত পাল্টা প্রস্তাব। তিনি সতর্ক করে বলেছেন, ওমান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তবে হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে। অন্যদিকে, বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান যে, ওমানের এই পরিকল্পনার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই কর্মকর্তার অভিযোগ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ে ওমান এই ‘অবাস্তব’ পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদিও আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে এগোচ্ছে বলে আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু হরমুজ প্রণালি নিয়ে ইরান এখনো তাদের মূল অবস্থান থেকে সরে আসেনি।





