যুক্তরাষ্ট্রকে যুদ্ধ শেষ করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলমান যুদ্ধ এখনই বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ইরান বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। তাই এই পরিস্থিতিতে যুদ্ধ শেষ করা দেশটির জন্য ইতিবাচক হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন যে, বিশ্ব এখন ইরানের বিজয়কে স্বীকৃতি দিচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, দেশটি আন্তর্জাতিক নিয়মকানুন উপেক্ষা করে ইরানের স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে। তার মতে, এসব কর্মকাণ্ডের ফলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের মনে ক্ষোভ ও বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক নিয়ে দেশের ভেতরে কট্টরপন্থি এমপিদের সমালোচনারও জবাব দিয়েছেন পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, ওই চুক্তিতে আত্মসমর্পণের ইঙ্গিতবাহী কোনো ধারা নেই এবং চুক্তির সব প্রতিশ্রুতি অন্য পক্ষের জন্য সমানভাবে প্রযোজ্য।

এদিকে, সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো হুমকি সৃষ্টি হলে পাল্টা হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন সামরিক নেতৃত্ব। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি জানান, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার—সব ক্ষেত্রেই তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যেকোনো ধরনের নতুন হুমকির মুখে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

শেয়ার করুন