উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে পৃথক পরিদর্শন কক্ষ

প্রকাশ:

দেশের সব উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে সংসদ সদস্যদের (এমপি) জন্য পৃথক ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ২৯ জুলাই এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রশাসনিক ভবনের সুবিধাজনক স্থানে ওয়াশরুম-সংবলিত একটি পরিদর্শন কক্ষ তৈরি করতে হবে। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদ্যমান কক্ষগুলো যথাযথভাবে সংরক্ষিত রাখতে হবে। এই নির্দেশনার বাস্তবায়ন সম্পর্কে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার কথাও বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নকশা প্রণয়নের সময়ও এ ধরনের পরিদর্শন কক্ষ অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এতদিন নির্ধারিত কক্ষ না থাকায় পরিদর্শনে আসা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলা চেয়ারম্যান বা ইউএনওদের কক্ষ ব্যবহার করতেন। এতে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটত। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল ও ৬ মে জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এছাড়া জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এর আগে সংসদ সদস্যদের জন্য পৃথক বসার কক্ষের ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন, যা এখন নির্দেশনার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

পরিদর্শন কক্ষ নির্মাণ বা সংস্কারের ব্যয় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত অথবা সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ থেকে বহন করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন