ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভারতের ভিসা প্রত্যাশীদের দালালদের প্রলোভন থেকে দূরে থাকার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমে এই বার্তাটি প্রকাশ করা হয়।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দালালরা ভিসা প্রত্যাশীদের বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ পাওয়ার নিশ্চয়তা। হাইকমিশন সতর্ক করে বলেছে, এসব প্রলোভনে বিশ্বাস করলে আবেদনকারীদের আর্থিক ক্ষতি, ভিসা আবেদন বাতিল এবং মূল্যবান সময় নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
সতর্ক বার্তায় আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের কাছে টাকা, ব্যক্তিগত তথ্য কিংবা প্রয়োজনীয় কোনো কাগজপত্র হস্তান্তর করা যাবে না। পাশাপাশি, ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে আগ্রহী ব্যক্তিদের সরাসরি সরকারি নির্ধারিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।





