সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ থেকে যে অনুরোধ জানানো হয়েছে, তা বর্তমানে ভারতের পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের শর্ত হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরিফ উসমান হাদি হত্যার অভিযোগে গ্রেফতারকৃতদের ফেরত চাওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থান কী। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই। তাদের যে প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী অনুরোধটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে তাদের অবস্থানের বিষয়ে নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। ওই সংবাদ সম্মেলনের আগে রণধীর জয়সওয়াল বলেছিলেন, সেটির সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং ওই সম্মেলনের কোনো বক্তব্য তারা সমর্থন করেন না। যদিও সেই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময় করার সুযোগ দেওয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ওপর নির্ভরশীল একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে।





