নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ:

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে ৩২০ জন ভারতীয় নাগরিকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন ভারতীয়দের এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।

মুখপাত্র আরও জানান, নেপালে আটকে পড়া ২১ জন ভারতীয় পর্যটককে উদ্ধার করে নিরাপদে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে, যারা সবাই তামিলনাড়ুর বাসিন্দা। এছাড়া ত্রিশূলী প্রজেক্টে কর্মরতদের মধ্যে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের দিকে আটকে থাকা ৯৬ জন ভারতীয় নাগরিক স্থলপথে নেপাল সীমান্তে নিরাপদে পৌঁছেছেন এবং তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীনের দিকে আরও প্রায় ৪০০ জন ভারতীয় নাগরিক আটকা পড়লেও তারা সুরক্ষিত আছেন এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন। তবে এর বাইরেও ভারতীয় বংশোদ্ভূত আরও ১০০ জন ব্যক্তির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যাদের অন্য দেশের নাগরিকত্ব থাকতে পারে। সরকার তাদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন